রবিবার । জুন ২১, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১৯ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা


gold

ফাইল ছবি

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দামে বড় দরপতন হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক ধাক্কায় ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম বহাল থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ১১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজকের এই পরিবর্তনের মাধ্যমে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৭ বার স্বর্ণের দাম এবং ৪৭ বার রুপার দাম সমন্বয় করা হলো। এর আগে গত ২০২৫ সালে দেশের বাজারে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম এবং ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।