
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল (২৩ জুন) রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে থাকবেন এ পুলিশ সদস্যরা।
সোমবার (২২ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে, মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।
এ ছাড়াও, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট। পাশাপাশি সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।
তিনি জানান, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এ ছাড়া, ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে। একই সঙ্গে, ডিএমপির ১৮ হাজারেরও বেশি কর্মকর্তা ও ফোর্স মাঠে থেকে দায়িত্ব পালন করবে।








































