শুক্রবার । জুন ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শেয়ার

ব্রিকসে যোগ দিতে বাংলাদেশকে সমর্থন দেবে চীন


বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধামন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ব্রিকস জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশের ব্রিকসের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তিনি জানান, ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ বা অন্তর্ভুক্তির ক্ষেত্রে চীন সহযোগিতামূলক ও ইতিবাচক অবস্থান নেওয়ার আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ চায় বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে এবং এ বিষয়ে চীনের সমর্থন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রিকস বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী উদীয়মান অর্থনীতির জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষর নিয়ে গঠিত এই জোট আন্তর্জাতিক অর্থনীতি, বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিশ্ব অর্থনীতিতে ক্রমবর্ধমান প্রভাব এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় ব্রিকসের গুরুত্ব বাড়তে থাকায় বাংলাদেশও এই জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে।