
প্রথম দিনে কৃষিপণ্য ছাড়াই রাজশাহী ছেড়ে গেছে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে চালু হওয়া বিশেষ ট্রেন। শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
রেলবিভাগ জানায়, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। সোয়া ১১টায় রাজশাহী রেলস্টেশনে পৌঁছায়। শুরুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত ৫টি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো সবজি বা কৃষিপণ্য পরিবহনের জন্য না থাকায় এই বিশেষ ট্রেন খালি যেতে বাধ্য হয়।
পাকশী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম জানান, প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেওয়ার সুবিধা মিলবে এই ট্রেনে। প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা এবং রাজশাহী থেকে সর্বোচ্চ ১ টাকা ১৮ পয়সা। প্রতি শনিবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ১৪টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।
এই কর্মকর্তার দাবি, ব্যাপক প্রচারণা চালালেও ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আশানুরূপ সাড়া মেলেনি। তবে আগামীতে সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী তারা।














































