বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ আগস্ট ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার

উড়োজাহাজ সংকটে বিমানের দুই ফ্লাইট বাতিল


Bimanবারবার যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উড়োজাহাজ সংকট দেখা দিয়েছে। এর ফলে মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা-কুয়েত এবং ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবির জানান, এয়ারক্রাফট স্বল্পতায় বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।

তিনি বলেন, রোমে একটি ফ্লাইট ২৬২ জন যাত্রী নিয়ে গ্রাউন্ডেড হয়ে আছে। সেটি মেরামতের কাজ চলছে। যার ফলে শিডিউল অনুযায়ী উড়োজাহাজ দেওয়া যাচ্ছে না। এ কারণে দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট দুটি আগামীকাল বুধবার (১৩ আগস্ট) পরিচালিত হবে।

বাতিল দুটি ফ্লাইটের যাত্রীদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, নতুন সূচি যাত্রীদের জানানো হয়েছে। আমরা গতকাল যাত্রীদের মেসেজ দিয়েছি। তবে যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছেন, তাদের যোগাযোগের ঠিকানা আমাদের কাছে না থাকায় মেসেজ পাঠানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত এক মাসে উড়াল দেওয়ার আগে-পরে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে—চাকা খুলে পড়া বা ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বৃদ্ধি, ল্যান্ডিং গিয়ারের দরজা না বন্ধ হওয়া।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এসব ত্রুটি কোনো আকস্মিক ঘটনা নয়। বরং দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার অবহেলার ফসল। বিমান পরিচালনার ক্ষেত্রে কারিগরি দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ এবং মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এসবের অভাব বিমানের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি।