তিন দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ আগস্ট রাতে মালয়েশিয়া পৌঁছান প্রধান উপদেষ্টা। পরদিন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ৫টি সমঝোতা স্মারক সই এবং ৩টি নোট বিনিময় হয়। এছাড়া তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
বুধবার (১৩ আগস্ট) সকালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। ডিগ্রি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তুয়াংকু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।
এ সফরে তিনি মালয়েশিয়ার মন্ত্রী, শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।



































