বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ আগস্ট ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছা নেই, সংস্কার এগিয়ে নিতেই কাজ করছি: ড. ইউনূস


Dr Yunus

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়া বা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা রাখেন না। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “না, আমি সেই ধরনের মানুষ নই। আমার জন্য তেমন কোনো সুযোগও নেই।”

মালয়েশিয়া সফরে গিয়ে এই সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্যই হলো সংস্কারকে এগিয়ে নেওয়া, আর সেই দায়িত্ব পালন করাই তার একমাত্র কাজ। “গত এক বছরে আমরা অনেকটা পথ এগিয়েছি। এই আগস্টে আমাদের প্রথম বছর পূর্ণ হলো, এবং আমরা বহু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি।”

তার বড় অর্জনগুলোর মধ্যে অন্যতম হলো ঐকমত্য কমিশন গঠন, যা ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে তৈরি হয়েছে। এই কমিশন চলতি মাসের শেষের দিকে নির্বাচনসংক্রান্ত সংস্কারের প্রতিবেদন জমা দিতে পারে, যা একটি গ্রহণযোগ্য ও টেকসই নির্বাচনব্যবস্থা গঠনের পথ খুলে দেবে। “আমরা এখন শেষ ধাপে পৌঁছেছি। আশা করছি মাসের শেষেই ঐকমত্য কমিশনের প্রতিবেদন হাতে পাব।”

প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার দায়িত্বও ঐকমত্য কমিশনের ওপর রয়েছে। “সংসদ এককক্ষ হবে নাকি দ্বিকক্ষ—এ নিয়ে অনেক বিতর্ক আছে। এসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য।”

দেশ সঠিক পথে থাকায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এবারের নির্বাচন আগের তিনটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ প্রকৃত ভোট দেবে। আগের নির্বাচনগুলোতে মানুষ ভোটকেন্দ্রে যায়নি, কী ঘটেছে কেউ জানে না।”

তিনি আরও বলেন, হাসিনার শাসনামলে ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্য এবারের নির্বাচন হবে ঐতিহাসিক। “যারা এতদিন ভোট দিতে পারেননি, তাদের জন্য এটি হবে এক বিশাল সুযোগ,” বলেন ড. ইউনূস।