দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য এবং আবহমানকাল ধরে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর।
বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। তাঁর আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত, সম্প্রীতিপূর্ণ এক নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” তিনি জন্মাষ্টমী উৎসবের সাফল্য এবং দেশের সব নাগরিকের সুখ-সমৃদ্ধি কামনা করেন।



































