বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ আগস্ট ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার

নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আ. লীগের হামলা, উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা


Attack-Mahfuz
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং হেনস্তার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায়।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এদিন কনসুলেট কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি ভেতরে প্রবেশের সময় কনসুলেট ভবনের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে কর্মী-সমর্থকেরা দলীয় স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা কনসুলেটের কাচের দরজা ভাঙচুর করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম প্রবাসীদের অবদান স্মরণ করে বলেন, “জুলাই সনদে প্রবাসীদের ভূমিকা উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশ নই। আমরা চাই ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসুক, তারা যেন জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করেন।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র হবে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক। নিজের রাজনৈতিক অবস্থান নয়, সবার ঊর্ধ্বে দেশ ও জনগণকে রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াশিংটন ডিসি থেকে আগত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তিনি বলেন, “এক দেশে রাজতন্ত্র চলছিল, রাজার পরিবার সবকিছু দখল করে রেখেছিল। আপনারা ছাত্র-জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটিয়েছেন। এখন কেউ ডিম নিক্ষেপ করবে, কটূক্তি করবে, পতন চাইবে, এটাই তো স্বাভাবিক।”