বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ আগস্ট ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
শেয়ার

সরকারের একটি অংশ গণতন্ত্রপন্থী শক্তিকে ঠেকাতে চায়: মির্জা ফখরুল


Fokhrul

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি অংশ আছে যারা সচেতনভাবে দেশের গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে, একটি রাজনৈতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে নতুন নতুন দাবি তুলছে।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি এবং রাজপথে বড় কোনো দাবি তুলেও সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ কিছু রাজনৈতিক মহল খুব উদ্দেশ্যমূলকভাবে নতুন দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা এমন সব দাবি তুলছে, যেগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়।’

মির্জা ফখরুল আরও বলেন, আমরা ‘৭১ ভুলিনি, ভোলা সম্ভব নয়। মানুষকে ‘৭১ ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলছে… যারা তখন শত্রুদের সাহায্য করেছিল, তারা এখন বড় গলায় কথা বলছে। এ জন্য আমি অনুরোধ করব, আমাদের খুব সতর্ক ও সাবধান থাকতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এখনো সরকারের হাতে সময় আছে। খুব দ্রুত জুলাই সনদ, সংস্কারের কাজগুলো শেষ করুন, জটিলতা বাড়াবেন না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করুন।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মতো দাবির সমালোচনা করে তিনি বলেন, ‘এসব দাবি তুলে হুমকি দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষ জানে না। আপনি ভোট দেবেন, কিন্তু কাকে ভোট দিলেন তা জানবেন না। এই বিষয়গুলো এখনো আমাদের কাছে ও জনগণের কাছে পরিষ্কার নয়।’