ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।
শফিকুল ইসলাম বিসিএসের ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে হাইওয়ে পুলিশে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় সাড়ে চার মাস ধরে শূন্য থাকা ডিবি প্রধানের পদে তার নিয়োগ দেওয়া হলো। এর আগে ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল। এরপর থেকে যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা ডিবির দায়িত্বে ছিলেন।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।
কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন। ২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে হাইওয়ে পুলিশের এসপি হন। ২০১৯ সালে নৌ পুলিশের এসপির দায়িত্ব পান। ২০২১ সালে পদোন্নতি পেয়ে একই সংস্থার অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) হিসেবে কাজ করেন। পরবর্তীতে ডিআইজি পদে পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশে যোগ দেন।
































