
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এপ্রিলে শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দেয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর ফলে তারা প্রবাসে অবস্থান করেও ভোট দিতে পারবেন না।
এনআইডি লক হওয়া পরিবারের সদস্যরা হলেন- শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, বোন শেখ রেহানা, রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ তারিক আহমেদ সিদ্দিক।
ইসি সচিব বলেন, “যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। প্রবাসী ভোটারদের অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক। পাসপোর্ট নয়, কেবল এনআইডি দিয়েই নিবন্ধন করতে হবে। তাই এনআইডি লক থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও জানান, সংসদ নির্বাচনে দেশীয় ভোটের পাশাপাশি প্রবাসীদের জন্যও ভোটাধিকার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য আলাদা সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার সরকার ভেঙে পড়ে এবং দলের বহু নেতা-কর্মীও বিভিন্ন দেশে আশ্রয় নেন।







































