
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের কথা থাকলেও তার সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানান, জুলাই সনদ বাস্তবায়ন, রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বর্তমান ব্যস্ততার কারণে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর সম্মেলনে অংশগ্রহণ ঘিরে প্রস্তুতিও শুরু হয়। এমনকি সফর-সংশ্লিষ্ট আন্তঃমন্ত্রণালয় বৈঠকও সম্পন্ন হয়েছিল।
বিশ্বজুড়ে প্রভাবশালী বিনিয়োগকারী, নীতিনির্ধারক এবং রাষ্ট্রনেতাদের সমাবেশ হওয়ায় এফআইআই সম্মেলনটি আন্তর্জাতিক বিনিয়োগ অঙ্গনে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এবারের আসরেও বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে জ্বালানি উপদেষ্টাসহ অন্য যারা এই সফরদলে যোগ দেওয়ার কথা ছিল- তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।







































