
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় রবিবার রাত ১টার দিকে (২০:৩০ জিএমটি) সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, এর মাত্রা ছিল ৬.৩ এবং গভীরতা প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল)। সংস্থাটি সতর্ক করেছে, এই ভূমিকম্পে “বড় ধরনের প্রাণহানি” ও “ব্যাপক ক্ষয়ক্ষতি” হতে পারে।
স্থানীয় কর্মকর্তা হাজি জায়েদ জানান, “বিভিন্ন জেলা থেকে হালকা আহত ও সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেকেই আতঙ্কে উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।”
প্রায় পাঁচ লাখ মানুষের জনবহুল মাজার-ই-শরিফ শহরে ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বালখ প্রদেশের তালেবান মুখপাত্র এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঐতিহাসিক নীল মসজিদের চত্বরজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এই মসজিদটি প্রথম শিয়া ইমামের সমাধিস্থল বলে বিশ্বাস করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক্সে লিখেছেন, “পুলিশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।”
উল্লেখ্য, চলতি বছরের আগস্টের শেষ দিকে আফগানিস্তানের পার্বত্য পূর্বাঞ্চলে ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ।
সূত্র: রয়টার্স













































