
বিএনপির অনুরোধে তাদের চাহিত ১১টি ট্রেনের মধ্যে ১০টি বিশেষ রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফাওজুল কবির খান লেখেন, রেলওয়েতে লোকোমোটিভ ও কোচের তীব্র সংকট থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ২৪ জানুয়ারির সভায় জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের আবেদন বিবেচনায় মোট ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়াও ৮টি ট্রেনে ১৭টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে বলে জানান তিনি। এর ফলে দুইটি অপ্রধান রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। যাত্রীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে এবং বিশেষ ট্রেন ব্যবস্থাপনার কারণে নিয়মিত যাত্রীরাও কিছুটা ভোগান্তির শিকার হতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্রের অভিযাত্রায় সহায়তা করতে বাংলাদেশ রেলের যাত্রীরা সাময়িক এই অসুবিধা মেনে নেবেন।





































