
নিতহ আব্দুল মোহিত রাজন। ছবি: সংগৃহীত
বিয়ের আনন্দ শেষ হতে না হতেই জীবিকার তাগিদে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের তরুণ আব্দুল মোহিত রাজন (৩০)। কিন্তু প্রবাসের মাটিতে স্বপ্ন গড়ার আগেই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন তিনি। রাজনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গত রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে রিয়াদের ইয়াসমিন এলাকার একটি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হন রাজন। দুর্ঘটনার পর সৌদি পুলিশ লরিচালককে আটক করেছে বলে জানা গেছে।
নিহত রাজন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামের নূর মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই মাসে তার বিয়ে হয়। সংসারের হাল ধরতে এবং পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় মাত্র এক মাস পর, ২১ আগস্ট তিনি সৌদি আরবে পাড়ি জমান। প্রবাসে কষ্ট করে কাজ করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তার—কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সোমবার (২২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরবে থাকা তার সহকর্মীরা এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।
রাজনের আকস্মিক মৃত্যুতে স্ত্রী যেন বাকরুদ্ধ, শোকে পাথর হয়ে গেছে বাবা-মা। পরিবারের একমাত্র ভরসা ছিলেন রাজন। তার মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, পুরো গ্রামই হারালো এক সম্ভাবনাময় তরুণকে।






































