
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার মধ্য লন্ডনে গ্রেপ্তারের সময় তিনি ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড হাতে ছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ‘ডিপেন্ড আওয়ার জুরিস’ জানায়, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেটাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি যে প্ল্যাকার্ড বহন করছিলেন তাতে নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সঙ্গে সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সমর্থনের বার্তা ছিল। ব্রিটিশ সরকার সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মধ্য লন্ডনের একটি বীমা প্রতিষ্ঠানের অফিসের বাইরে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করেন। সেখানে অংশ নেন গ্রেটা থুনবার্গ। লন্ডন সিটি পুলিশ তাঁর নাম প্রকাশ না করে জানায়, নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিপেন্ড আওয়ার জুরিসের দাবি, যে ভবনটির সামনে বিক্ষোভ হয়েছে, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের অফিস, যা ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা দিয়ে থাকে।
গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা, বিক্ষোভের অধিকার এবং সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।



































