
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৬ লাখ ৭২ হাজার ১২ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৮০০ জন পুরুষ এবং ৫০ হাজার ২১০ জন নারী ভোটার রয়েছেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামীকাল ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানিয়েছে, নির্দিষ্ট সময়ে অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরর পাঠাবেন।
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সংস্থাটি।





































