
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কানাডা।
বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির সরকার তাদের এই ভ্রমণ সতর্কতা আপডেট করে।
কানাডা সরকার জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ২৫ ডিসেম্বর থেকেই সারাদেশে বিভিন্ন বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশ হতে পারে। বিশেষ করে রাজধানী ঢাকায় বড় ধরণের জনসমাগম এবং তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন যেকোনো সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বা চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে। এছাড়া শান্তিপূর্ণ কর্মসূচিগুলোও যেকোনো সময় সহিংসতায় রূপ নিতে পারে, যা ঢাকা ও অন্যান্য বড় শহরের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। যারা ঢাকার বাইরে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এই বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো সময় কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আশঙ্কায় কানাডীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে।





































