বুধবার । মার্চ ৪, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

চলতি বছরে মালয়েশিয়ায় ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক


malaysia-arrest

ছবি: সংগৃহীত

মালয়েশিয়াজুড়ে চলতি বছর পরিচালিত বিশেষ অভিযানে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১৩ হাজার ৬৭৮টি অভিযানের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। এই তালিকায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ছিলেন।

অভিযানে সরাসরি আটক হয়েছেন ৫০ হাজার ৪৭২ জন অবৈধ অভিবাসী। এছাড়া, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আরও ৪১ হাজার ৩৫৭ জনকে আটক করা হয়েছে।

জাতিসংঘ ও অন্যান্য তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আটক ইন্দোনেশিয়ার নাগরিক— ১৫ হাজার ৩৮৫ জন। এরপর রয়েছে বাংলাদেশি ১১ হাজার ১০৫ জন, মিয়ানমারের ৯ হাজার ৭৮৯ জন, ফিলিপাইনের ৪ হাজার ৩৬৫ জন, পাকিস্তানের ২ হাজার ৪৯৭ জন, ভারতের ১ হাজার ৬৩০ জন, থাইল্যান্ডের ১ হাজার ৪৯৩ জন, চীনের ১ হাজার ৩৮ জন, ভিয়েতনামের ৯০৯ জন এবং নেপালের ৭৬৯ জন। বাকি সংখ্যা অন্যান্য দেশের নাগরিকদের।

অভিযানে অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়া বা আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হওয়া মালিকদের মধ্যে স্থানীয় নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি—২ হাজার ১২ জন। এছাড়া ৩৪ জন বাংলাদেশি ও ২১ জন ইন্দোনেশীয় মালিকও আটক হয়েছেন। পাকিস্তান, চীন, থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক মালিকরাও এই তালিকায় আছেন।

দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় প্রদানে আইন লঙ্ঘনকারী মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ইমিগ্রেশন বিভাগ এই বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।