শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২ জানুয়ারি ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে


dhaka-weather

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সেই সঙ্গে তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রির ঘরে, ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তীব্র শীতের কারণে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুয়াশার ঘনত্ব বেশি থাকায় বিভিন্ন সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কোথাও কোথাও কুয়াশার কারণে যান চলাচল ধীরগতিতে হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

এদিকে ঢাকার শীত নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে শীতের অনুভূতি কমে আসতে পারে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও ধীরে ধীরে সামান্য বাড়তে পারে।