সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস


cold

ফাইল ছবি

চলতি বছরের শুরুতেই শীত যেন আরও বেশি জেঁকে বসেছে। শীতের প্রকোপে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, আর সামনে আরও কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলা হলো— পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট। এর প্রভাবে এসব অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে এবং আগামী কয়েক দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে আরও একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে। সে ক্ষেত্রে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার (৫ জানুয়ারি) রাত থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। জানুয়ারির বাকি সময়জুড়ে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা। সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও শীতজনিত ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।