
সংগৃহীত ছবি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) ভোরে বাসভবনে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানায়, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরের ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওই বাসভবনে উপস্থিত ছিল না।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাড়িটির একাধিক জানালা ভাঙচুর করা হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানান, অজ্ঞাতপরিচয় এক প্রাপ্তবয়স্ক পুরুষকে ‘ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুরের’ অভিযোগে আটক করা হয়েছে।
ঘটনাটি রাত দেড়টার কিছু পর ঘটে বলে জানা গেছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনসিনাটি পুলিশ বিভাগ ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানান, হামলাটি সরাসরি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বা তাঁর পরিবারকে লক্ষ্য করে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার আগেই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তাঁর পরিবার শহর ত্যাগ করেছিলেন।




































