
কারাকাসে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে।। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে নেওয়া হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের সঙ্গে মাদক পাচারের অভিযোগের মুখোমুখি হয়েছেন। ভারী অস্ত্রশস্ত্রধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘেরাওয়ে হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়িতে করে তাকে আদালতে হাজির করা হয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রাতে এক বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে ‘তত্ত্বাবধানের’ আওতায় নিয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই অভিযান ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলায় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা করা এখনই আগাম বলে মনে করেন তারা। ভেনেজুয়েলার এই সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি




































