শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৭ জানুয়ারি ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন
শেয়ার

স্মিতা পাতিলের বায়োপিকে অভিনয়ের ইচ্ছা চিত্রাঙ্গদা সিংয়ের


Chitrangada-Singh

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের পরবর্তী সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন সুপারস্টার সালমান খান। আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে নিজের একটি বিশেষ আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

চিত্রাঙ্গদা জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে চান তিনি। বিষয়টি তার কাছে অত্যন্ত আবেগের, কারণ অভিনয়জীবনের শুরু থেকেই বহুবার তাকে স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করা হয়েছে। মুখের গড়ন ও চেহারার মিলের কথা তিনি দীর্ঘদিন ধরেই শুনে আসছেন।

সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা বলেন, স্মিতা পাতিলের সঙ্গে তার তুলনা এতটাই বেশি হয়েছে যে, এমনকি স্মিতা পাতিলের ছেলে প্রতীক নিজেও তাকে তা বলেছেন। একবার মা দিবসে প্রতীক ভুলবশত নিজের মায়ের ছবি ভেবে চিত্রাঙ্গদার ছবি পোস্ট করেছিলেন- এ ঘটনাকে তিনি মজার ও বিস্ময়কর বলে উল্লেখ করেন।

চিত্রাঙ্গদা বলেন, কখনো যদি স্মিতা পাতিলের চরিত্রে অভিনয়ের সুযোগ পান, তবে সেটি তার জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা হবে। উল্লেখ্য, ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর প্রয়াত হন স্মিতা পাতিল। তবে ‘ভূমিকা’, ‘আর্থ’, ‘মান্থান’, ‘চক্র’, ‘মির্চ মশলা’সহ অসংখ্য ছবিতে তার শক্তিশালী অভিনয় আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।

সূত্র: ইন্ডিয়া টুডে