
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। লাতিন আমেরিকার দেশটিতে গত শনিবার (৩ জানুয়ারি) অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।
বুধবার (৭ জানুয়ারি) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে মুখ খুলেন। তিনি বলেন, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন।
জয়শঙ্কর বলেন, “আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, যেন আলোচনার মাধ্যমে এমন একটি অবস্থানে পৌঁছানো যায়, যা ভেনেজুয়েলার জনগণের কল্যাণ ও নিরাপত্তার জন্য সহায়ক হবে।”
ভেনেজুয়েলার সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি আরও বলেন, দেশটির জনগণ যেন এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে—এটাই ভারতের প্রত্যাশা।
লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেট্টেলের সঙ্গে এক বৈঠকের সময় এসব মন্তব্য করেন এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
এর আগেও ভেনেজুয়েলা ইস্যুতে শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।





































