শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৮ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নাম


Khaleda Zia

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তাঁর নামেই পরিচিত হবে।

শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। তাঁদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়; বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, নেতৃত্ব এবং গণতান্ত্রিক সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।

প্রবাসী কমিউনিটির নেতারা বলছেন, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের একজন প্রভাবশালী নারী নেত্রীর নাম এভাবে স্মরণীয় করে রাখার উদ্যোগ দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো নেতার নামে সড়কের নামকরণ হয়নি—এমন নয়। শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়ক রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার মিশিগানের হ্যামট্রমিক শহরেও যুক্ত হলো বেগম খালেদা জিয়ার নাম।

বর্তমানে হ্যামট্রমিক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাঁদের সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টাতেই এই নামকরণ সম্ভব হয়েছে। জোসেফ ক্যাম্পাও স্ট্রিট ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী কারপেন্টার স্ট্রিটের একটি অংশ বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়।

স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এই উদ্যোগ নতুন প্রজন্মের প্রবাসীদের মধ্যে বাংলাদেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়াবে। এ অর্জনে প্রবাসী কমিউনিটিতে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে।