
ছবি- সংগৃহীত
৬৬টির মতো বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব সংস্থার মধ্যে জাতিসংঘ অনুমোদিত একাধিক প্রতিষ্ঠানও রয়েছে।
বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি এমন সব আন্তর্জাতিক সংস্থা, সমঝোতা ও চুক্তি থেকে দেশটি সরে আসবে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনেকগুলোই যুক্তরাষ্ট্রের জন্য ‘অপ্রয়োজনীয়’ অথবা দেশটির জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। প্রকাশিত একটি ফ্যাক্ট শিট অনুযায়ী, তালিকাভুক্ত সংস্থার মধ্যে ৩১টি জাতিসংঘ অনুমোদিত এবং ৩৫টি জাতিসংঘের বাইরের আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে দাবি করা হয়েছে।
নির্বাহী আদেশে সব সরকারি বিভাগ ও সংস্থাকে দ্রুততম সময়ের মধ্যে এসব আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যাহারের তালিকায় রয়েছে ‘ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স’, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে গঠিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




































