
ইরানে বিক্ষোভ। সাম্প্রতিক ছবি
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানায়, ইরানের প্রায় সব এলাকাতেই পূর্ণমাত্রার ইন্টারনেট ব্ল্যাকআউট লক্ষ্য করা যাচ্ছে।
নেটব্লকসের তথ্যমতে, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নানা ধরনের ডিজিটাল সেন্সরশিপ আরোপ করা হয়েছিল। সংস্থাটি বলছে, সংকটময় সময়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করার মাধ্যমে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার গুরুতরভাবে ব্যাহত করা হচ্ছে।
এর আগে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হচ্ছে। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে এবং হতাহতের সংখ্যাও বাড়ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।




































