শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ জানুয়ারি ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ন
শেয়ার

ঘন কুয়াশায় বিপাকে এয়ারলাইনস, দুর্ভোগে যাত্রীরা


biman

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রানওয়ের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২ কার্যকর না থাকায় প্রতিদিনই একাধিক ফ্লাইট ডাইভার্ট করতে বাধ্য হচ্ছে এয়ারলাইনসগুলো। এতে বাড়ছে অপারেশনাল ব্যয়, আর চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, গত ২৯ অক্টোবর থাই এয়ারওয়েজের একটি বিমানের দুর্ঘটনায় রানওয়ের অ্যাপ্রোচ লাইট ক্ষতিগ্রস্ত হয়। ফলে আইএলএস ক্যাটাগরি-২ সুবিধা বজায় রাখা সম্ভব হয়নি এবং বিমানবন্দরটি বর্তমানে ক্যাটাগরি-১ অনুযায়ী পরিচালিত হচ্ছে। ঘন কুয়াশার সময় রানওয়ের দৃশ্যমানতা নেমে গেলে বাধ্য হয়ে ফ্লাইট ডাইভার্ট করা হচ্ছে।

সূত্র জানায়, কুয়াশার কারণে গত দুই সপ্তাহে অন্তত অর্ধশত ফ্লাইট চট্টগ্রাম, সিলেট ও কলকাতাসহ নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ করেছে। এতে যাত্রীদের সময় ও অর্থ দুদিক থেকেই বাড়তি চাপ তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষা করতে হচ্ছে বা বিকল্প বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকায় ফিরতে হচ্ছে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ফ্লাইট ডাইভার্টের ফলে জ্বালানি খরচ, ক্রু ব্যবস্থাপনা ও শিডিউল বিপর্যস্ত হচ্ছে। দ্রুত রানওয়ের লাইটিং সিস্টেম সংস্কার করে আইএলএস ক্যাটাগরি-২ পুনরায় চালু না হলে শীত মৌসুমজুড়েই এ সংকট চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেবিচক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইটিং সিস্টেম সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক হলে কয়েক মাসের মধ্যেই আইএলএস ক্যাটাগরি-২ সুবিধায় ফিরে যাওয়ার আশা করা হচ্ছে।