বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১০ জানুয়ারি ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
শেয়ার

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু


oman

ফাইল ছবি

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সালালাহ শহর থেকে নিজ বাড়ি ফিরার পথে একটি উট হঠাৎ সড়কে চলে আসলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাংলাদেশি ওই পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছিলোনিয়া এলাকার সাকিবুল হাসান সবুজ, তার মা বিলকিস আক্তার এবং সবুজের বোনজামাই দিদারুল আলম।

আহতরা হলেন- একই গাড়িতে থাকা সাকিবুলের বোন, তার স্ত্রী এবং তাদের ছোট কন্যা। আহতদের উদ্ধার করে সালালাহের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত সাকিবুলের চাচা মো. জাহাঙ্গীর জানান, কয়েক দিন আগে হতাহতরা মাস্কাট থেকে হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও পর্যটনের উদ্দেশ্যে সালালাহ যান। পরিবারটি সেখানে একসাথে সময় কাটাচ্ছিল। শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে একটি উটের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, “আমার ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই একসঙ্গে চলে যাবে, কখনো কল্পনাও করিনি। এটা মেনে নেওয়া খুব কষ্টকর।” তিনি জানান, তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ছোট ছিলোনিয়ার গ্রামে শোকের ছায়া নেমেছে। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।