শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১০ জানুয়ারি ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
শেয়ার

ইরানে বিক্ষোভ দমনে রেভল্যুশনারি গার্ডের ‘রেড লাইন’ ঘোষণা


Demo-Iran

ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) কঠোর অবস্থান নিয়েছে। শনিবার এক বিবৃতিতে তারা দেশীয় নিরাপত্তা ইস্যুকে ‘রেড লাইন’ ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, দেশের নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অর্জন রক্ষা কোনোভাবেই আপসের বিষয় নয়। সাম্প্রতিক পরিস্থিতির ধারাবাহিকতাও ‘গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করা হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুরুতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরানের পশ্চিমে কারাজ শহরের একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়েছে। শিরাজ, কোম ও হামেদান শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্যও প্রচার করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ২ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিক্ষোভ উসকে দেওয়ার দায়ে অভিযুক্ত করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। পশ্চিম ইরানের এক বাসিন্দা জানিয়েছেন, তার এলাকায় বিপ্লবী গার্ড মোতায়েন রয়েছে এবং গুলির শব্দ শোনা যাচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে, এতে কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ হয়েছে।

রেভল্যুশনারি গার্ডসের পাশাপাশি ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও জনগণের সম্পদ রক্ষা করবে।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে দুই সপ্তাহ আগে ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন রাজনৈতিক রূপ নিয়েছে এবং আরও তীব্র হয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা এখন ধর্মীয় শাসনের অবসান দাবি করছেন।

ইরানি কর্তৃপক্ষ অভিযোগ করছে, বিক্ষোভ উসকে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে।