
দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করে আবারও একসঙ্গে ফিরছে বিটিএস-এর সাত সদস্য। ২০২৬ সালের এপ্রিলে দক্ষিণ কোরিয়া থেকে শুরু হয়ে এই সফরটি চলবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত।
২০২১-২২ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের পর এটিই হবে তাদের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ব সফর। এই সফরে এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপজুড়ে ৭০টিরও বেশি কনসার্ট অনুষ্ঠিত হবে। বিটিএস সদস্যদের ফেরার এই ঘোষণায় বিশ্বজুড়ে ‘বিটিএস আর্মি’ বা ভক্তদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
বিটিএস-এর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হাইব (HYBE) জানিয়েছে, ভক্তদের জন্য টিকিটের সময়সূচি ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। শুধুমাত্র ওয়েভার্সে নিবন্ধিত আর্মি সদস্যপদধারীদের জন্য প্রিসেল টিকিট যা পাওয়া যাবে ২২ ও ২৩ জানুয়ারি । আর সাধারণ টিকিট ২৪ জানুয়ারি থেকে সব অঞ্চলের জন্য উন্মুক্ত করা হবে।
২০ মার্চ বিটিএস-এর আনুষ্ঠানিকভাবে সংগীতে ফেরার কথা রয়েছে। মূলত বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের জন্যই দীর্ঘ চার বছর একসঙ্গে কাজ থেকে বিরত ছিলেন গ্রুপের সদস্যরা। তাদের একজন সুগা, কাঁধের আঘাতের কারণে সমাজসেবা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের জুনে সামরিক জীবন থেকে মুক্তি পান। আরএম, ভি, জিমিন, জং কুক, জিন এবং জে-হোপ নিয়মিত সেনাবাহিনীতে কাজ করে তাদের দায়িত্ব সম্পন্ন করেছেন।
সব সদস্যের সামরিক জীবন শেষ হওয়ার মাধ্যমে বিটিএস এখন আবারও পূর্ণ শক্তি নিয়ে বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প















































