শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৫ জানুয়ারি ২০২৬, ৭:২১ অপরাহ্ন
শেয়ার

নাজমুলকে অব্যাহতি বিসিবির, অর্থের দায়িত্বে আমিনুল


Nazmul-Islam

ক্রিকেটারদের টানা প্রতিবাদ ও আলটিমেটামের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলামই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তাঁর পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দুপুরের মধ্যে সময় বেঁধে দেওয়া হলেও নাজমুল ইসলাম পদত্যাগ না করায় দুপুর ১টায় শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

এরপর বিকেলে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা আবারও পদত্যাগের দাবিতে অনড় অবস্থানের কথা জানান এবং ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা চেয়ে নেন।

এর কিছুক্ষণ পরই বিসিবির পক্ষ থেকে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলির পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে বোর্ডের কার্যক্রম নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

বিসিবি আরও জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সভাপতি আমিনুল ইসলামই অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদবিজ্ঞপ্তিতে ‘ক্রিকেটারদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার’ উল্লেখ করে বিসিবি আশা প্রকাশ করেছে, এই সংকটময় সময়ে সব ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দেবেন এবং বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখবেন।