
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মেট্রোর চারটি অতিরিক্ত ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে বৃহস্পতিবার বিপিএলের নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় শুক্রবার মেট্রো রেলের অতিরিক্ত চারটি ট্রিপ আর পরিচালিত হবে না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচকে কেন্দ্র করে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি করে অতিরিক্ত ট্রিপ চালানোর পরিকল্পনা ছিল। তবে বৃহস্পতিবারের ম্যাচ বাতিল হওয়ায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ট্রিপ পরিচালনার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।








































