বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৬ জানুয়ারি ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
শেয়ার

‘বাংলাদেশের ক্রিকেটার-সমর্থকরা সবচেয়ে বেশি আনন্দিত হন ভারতকে হারালে’


Miraz

ভারতের বিপক্ষে জয় পেলেই বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা সবচেয়ে বেশি আনন্দিত হন বলে মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বনানীর একটি হোটেলে বিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিরাজ ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের নাটকীয় জয়ের স্মৃতি তুলে ধরে বলেন, “আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ভারতের সঙ্গে জিতি। ওই ম্যাচে আমি ও মোস্তাফিজ মিলে দলকে জিতিয়েছিলাম, যা আমাদের ক্যারিয়ারের অন্যতম আনন্দের মুহূর্ত।”

এ সময় ক্রিকেটারদের পারফরম্যান্স ও আর্থিক সুবিধা নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের কড়া সমালোচনা করেন মিরাজ। তিনি বলেন, ক্রিকেটাররা সরকার থেকে কোনো অনুদান নেন না; বরং নিজেদের আয় থেকে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কর প্রদান করেন।

মিরাজ জানান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটাররা নিয়মিত দেশের শীর্ষ করদাতাদের তালিকায় থাকেন। “আমাদের পারিশ্রমিক দেওয়ার সময়ই ট্যাক্স কেটে নেওয়া হয়,” বলেন তিনি।

এদিকে বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড এবং তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিপিএল ঘিরে তৈরি হওয়া জটিলতাও এখন কাটতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।