বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৭ জানুয়ারি ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
শেয়ার

থাইল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে প্রস্তুতি সম্পন্ন করল বাংলাদেশের মেয়েরা


bd-women-team

সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে নেপালে শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব শুরুর আগে খেলা দুটি প্রস্তুতি ম্যাচই জিতে আত্মবিশ্বাস বাড়িয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। শেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার (১৬ জানুয়ারি) মুলাপানিতে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়ে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ১৯ রানেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার, তার সংগ্রহ ছিল ৬ রান। অপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। দুটি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৩১ রান করে বিদায় নেন তিনি।

এরপর ইনিংসের হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাদের ৫১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শারমিন ৩১ বলে ২৮ রান করে আউট হন, আর জ্যোতি করেন ২২ বলে ২৮ রান।

শেষ দিকে দ্রুত রান তুলেন স্বর্ণা আক্তার ও শবানা মোস্তারি। স্বর্ণা ১৪ আর শবানা ২৪ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪৯ রান।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে থাইল্যান্ড। নিয়মিত উইকেট হারাতে থাকা দলটির পক্ষে দুজন ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এক প্রান্ত ধরে রেখে ফিফটি করেন নান্নাপাত কোনছারেকাই, ৪৮ বলে করেন ৫২ রান। ছানিডা সুথিরুয়াগ ১৮ বলে ২৫ রান করে সামান্য প্রতিরোধ গড়েন। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানেই থামে থাইল্যান্ড।

বাংলাদেশের হয়ে ফারিয়া তৃষ্ণা সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন। অন্য তিন বোলার পান একটি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতেন স্বর্ণা আক্তার।