বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৮ জানুয়ারি ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করলো রাজশাহী


ctg-raj

ছবি: সংগৃহীত

আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। শীর্ষ দুইয়ে থাকা এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ছিল বাড়তি উত্তেজনা—কে থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেই এবারের বিপিএলের প্লে-অফে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স।

শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল লো-স্কোরিং। টস জিতে রাজশাহী প্রথমে ব্যাট করতে পাঠায় চট্টগ্রামকে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে রয়্যালসরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয় দলটি।

দলের পক্ষে আসিফ আলি সর্বোচ্চ ৩৯ রান করেন। মাহমুদুল হাসান জয় করেন ১৯, আর হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ১৮ রান। রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন তানজিম হাসান সাকিব, একাই নেন ৪ উইকেট। এই ম্যাচে অ্যাডাম রজিংটনের অভাব বেশ চোখে পড়ে চট্টগ্রামের ব্যাটিংয়ে।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও খুব স্বস্তিতে ছিল না রাজশাহীও। চট্টগ্রামের বোলারদের চাপে একের পর এক উইকেট হারায় দলটি। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ আকবর আলীর দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে রাজশাহী। মুশফিক ৪১ বলে অপরাজিত ৪৬ রান করেন, আর আকবর আলী ৪১ বলে করেন ৪৮ রান। ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

এই জয়ে ১০ ম্যাচ শেষে রাজশাহী ওয়ারিয়র্সের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬। অন্যদিকে ৯ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট ১২। বাকি ম্যাচ জিতলেও রাজশাহীকে আর টপকাতে পারবে না তারা। ফলে শীর্ষস্থান নিশ্চিত করেই আত্মবিশ্বাসের সঙ্গে প্লে-অফে পা রাখলো রাজশাহী ওয়ারিয়র্স।