
ছবি: সংগৃহীত
হার দিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) মেথডে ভারতের কাছে ১৮ রানে পরাজিত হয়েছে যুবা টাইগাররা। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত কঠিন সমীকরণের চাপ সামলাতে পারেনি বাংলাদেশ।
টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক। শুরু থেকেই নিয়ন্ত্রিত ও শৃঙ্খল বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশের পেস আক্রমণ। তবে বৈভব সূর্যবংশীর ৭২ ও অভিগান কুন্ডুর ৮০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ২৩৮ রান তোলে ভারত।
জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৯০ রানে ২ উইকেট হারানোর পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি থামলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ শেষ ১১.৪ ওভারে প্রয়োজন পড়ে ৭৫ রান। বাড়তি এই চাপেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
অধিনায়ক তামিম ৫১ রান ও রিফাত বেগের ৩৭ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন বিহান মালহোত্রা। ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙে দেন তিনি। নির্ধারিত লক্ষ্যের ১৮ রান আগেই থামে বাংলাদেশের ইনিংস।
এর আগে বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আল ফাহাদ। ৩৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ভারতের ইনিংসে বড় ধাক্কা দেন এই ডানহাতি পেসার। ইনিংসের তৃতীয় ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট তুলে নিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলেন তিনি। পরে বিদায় করেন বেদান্ত ত্রিবেদী ও অধিনায়ক আয়ুশ মাত্রকেও।
বাংলাদেশের অন্যান্য বোলাররাও ছিলেন কার্যকর। ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট, আর একটি উইকেট শিকার করেন শেখ পারভেজ জীবন।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই লড়াই দেখালেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হলো যুবা টাইগারদের।














































