শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৮ জানুয়ারি ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান


PCB-BCB

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। ভারতের ভেন্যুতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানালেও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি আইসিসি। ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভাগ্য ঝুলে রয়েছে অনিশ্চয়তায়।

এ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশ সরকারের অবস্থানকে ‘যুক্তিসংগত ও গ্রহণযোগ্য’ মনে করছে পাকিস্তান সরকার। প্রয়োজনে পাকিস্তান নিজেও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।

জিও নিউজের প্রতিবেদনে পাকিস্তান সরকারের একাধিক সূত্রের বরাতে বলা হয়, ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্তে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। যদি বাংলাদেশের সমস্যার সমাধান না হয়, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অবস্থান নতুন করে ভাববে ইসলামাবাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা বলেন, “বাংলাদেশের দাবির পেছনের কারণগুলো বাস্তবসম্মত। এসব বাস্তবায়ন করা উচিত।”

সূত্র আরও জানায়, কোনো দেশকে ভয় দেখানোর সুযোগ দেওয়া উচিত নয় ভারতকে। এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পাকিস্তান।

এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। একাধিক দফা আলোচনা হলেও বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।

সর্বশেষ গতকাল ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিসিবি স্পষ্ট করে জানায়, শ্রীলঙ্কায় ম্যাচ না হলে বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ।