বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৮ জানুয়ারি ২০২৬, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

শেষ ম্যাচেও হেরে গেল নোয়াখালী


tauhid

সংগৃহীত ছবি

আফগান তরুণ হাসান ইশাখিলের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। ভক্তদের আশা ছিল, শেষ ম্যাচে অন্তত একটি জয় নিয়ে মাঠ ছাড়বে প্রিয় দল। কিন্তু তাওহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে ম্লান হয়ে গেল হাসান ইশাখিলের শতক। ৮ উইকেটের বড় ব্যবধানে হারের বিষাদ নিয়ে বিপিএল মিশন শেষ করল নোয়াখালী।

আফগান কিংবদন্তি মোহাম্মদ নবির ছেলে হাসান ইশাখিল আজ মাঠে নেমেছিলেন রুদ্রমূর্তিতে। ওপেনিংয়ে নেমে ৭২ বলে ১০৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ছিল ৪টি চার এবং ১১টি বিশাল ছক্কার মার। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় নোয়াখালী এক্সপ্রেস।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ডেভিড মালানকে হারায় রংপুর। তবে এরপরই শুরু হয় তাওহিদ হৃদয়ের তাণ্ডব। মালানের বিদায়ের পর লিটন দাসের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। হৃদয় মাত্র ৬৩ বলে ১০৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১৫টি বাউন্ডারি ও ২টি ছক্কা। তার এই সেঞ্চুরিতে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় রংপুরের।

লিটন দাস ৩৫ বলে ৩৯ রান করে এবং খুশদিল শাহ ৩ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে-অফে জায়গা নিশ্চিত করল রংপুর রাইডার্স। সমান পয়েন্ট থাকলেও রানরেটের মারপ্যাঁচে তারা বর্তমানে তিনে অবস্থান করছে। তবে চট্টগ্রাম রয়্যালসের একটি ম্যাচ বাকি থাকায় টেবিলের চিত্র আরও বদলে যেতে পারে। চট্টগ্রাম বড় ব্যবধানে হারলে রংপুরের অবস্থান আরও সুসংহত হবে।

বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসে নোয়াখালী এক্সপ্রেসের যাত্রাটা ছিল অম্ল-মধুর। টানা ৬ ম্যাচ হারের পর পরপর দুটি জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু শেষ দুই ম্যাচে আবারও হার দিয়ে তাদের টুর্নামেন্ট শেষ করতে হলো।