
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবিকে সমর্থন জানিয়ে নিজেদের দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম জিওসুপার নিউজ এই তথ্য জানিয়েছেন।
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জিও সুপারের খবরে বলা হয়, বাংলাদেশের ভারত সফর না করার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পিসিবি কর্মকর্তারা বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলে উল্লেখ করেছেন। কর্মকর্তারা আরও জানান, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যদি সংকটের সমাধান না হয়, তবে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ করার বিষয়টি পুনর্বিবেচনা করবে।
এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশ দলের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তানের সব ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত এবং তারা ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ও আইসিসি উইমেনস কোয়ালিফায়ারসহ একাধিক বড় আইসিসি ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে।
এদিকে, ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) স্পষ্ট করেছে যে, আইসিসি শ্রীলঙ্কা থেকে আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচগুলো সরাবে না। বাংলাদেশ ভ্রমণসংক্রান্ত উদ্বেগের কারণে গ্রুপ বদলাতে পারে—এমন খবরও তারা নাকচ করে দিয়েছে।
ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি পরিবর্তন করা হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ খেলব।’
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে আসতে পারে। এর আগে ঢাকায় আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে এক সপ্তাহে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করলেও ভারতের বাইরে ম্যাচ খেলতে চাওয়ার কথা জানায়, যেখানে সম্ভাব্য বিকল্প হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দেওয়া হয়।
আর শেষ পর্যন্ত যদি এই ইস্যুতে সন্তোষজনক সমাধান না হয় সেক্ষেত্রে বিকল্প দল মনোনীত করবে আইসিসি। র্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ড অংশ নেবে বিশ্বকাপে।














































