বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৯ জানুয়ারি ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
শেয়ার

উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মুস্তাফিজ


Mustafiz

ফাইল ছবি

ক্রিকেটবিষয়ক প্রভাবশালী সাময়িকী উইজডেনের বর্ষসেরা টি-২০ একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত বছর বিভিন্ন টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ উইকেট নেওয়ার সুবাদে সেরা দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

উইজডেনের প্রকাশিত একাদশে টপ অর্ডারের ব্যাটার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা, ইংল্যান্ডের ফিল সল্ট এবং দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। জাতীয় দল ও ক্লাব ক্রিকেট মিলিয়ে তারা প্রত্যেকেই গত বছরে দেড় হাজারের বেশি রান করেছেন।

অভিষেক শর্মা ২০২ স্ট্রাইক রেটে ১৬০২ রান করেন, যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি। ফিল সল্ট ১৫৩ স্ট্রাইক রেটে ১৫৭৫ রান করেন এবং ব্রেভিস ১৮১ স্ট্রাইক রেটে সংগ্রহ করেন ১২০০ রান।

বর্ষসেরা দলে চারজন অলরাউন্ডার জায়গা পেয়েছেন, যার মধ্যে দু’জন পেস ও দু’জন স্পিন অলরাউন্ডার। ইংল্যান্ডের স্যাম কারেন ৫১ উইকেটের পাশাপাশি করেছেন ১৫২১ রান। দক্ষিণ আফ্রিকার দোনোভান পেরেইরা ১৩ উইকেট নিয়ে করেন ৮০৯ রান। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ৩৬ উইকেটের সঙ্গে ৩৯৫ রান করেন এবং জেসন হোল্ডার নেন ৯৭ উইকেট, পাশাপাশি করেন ৮৪৬ রান।

ফিনিশার হিসেবে দলে আছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড, যিনি ১৭৩ স্ট্রাইক রেটে ১২৩১ রান করেছেন। বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৫৮ উইকেট) এবং ভারতের বরুণ চক্রবর্তী (৫৫ উইকেট)। ইকোনমি রেটের দিক থেকে নারিন (৬.৬৬) ও মুস্তাফিজ (৬.৭৮) ছিলেন সেরা।

উইজডেনের বর্ষসেরা টি-২০ একাদশ:
অভিষেক শর্মা (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), স্যাম কারেন (ইংল্যান্ড), দোনোভান পেরেইরা (দক্ষিণ আফ্রিকা), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), বরুণ চক্রবর্তী (ভারত)।