
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আল্টিমেটাম দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে যদি বিসিবি ভারতে দল পাঠাতে সম্মতি না দেয়, তাহলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে পারে আইসিসি। র্যাঙ্কিং অনুযায়ী, বর্তমানে স্কটল্যান্ডই সবচেয়ে এগিয়ে থাকা দল, যারা এখনো বিশ্বকাপে জায়গা পায়নি।
বিসিবি জানিয়েছে, তারা নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে রাজি নয় এবং আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য। এ বিষয়ে গত সপ্তাহান্তে ঢাকায় বিসিবি ও আইসিসি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়, “আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে আবারও অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।”
আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, ভারতীয় গণমাধ্যম ও ক্রিকইনফো জানিয়েছে, বুধবারের মধ্যে ঢাকাকে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। আইসিসি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, বাংলাদেশ সরে দাঁড়ালে স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে নেওয়া হতে পারে।
ড্র অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে এবং কলকাতা ও মুম্বাইয়ে গ্রুপপর্বের ম্যাচ খেলার কথা। আলোচনায় একটি প্রস্তাব ছিল- শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সুবিধার্থে গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশকে অদলবদল করা।
বিসিবি জানিয়েছে, “লজিস্টিক জটিলতা কমিয়ে বিষয়টি সমাধানের জন্য গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় এসেছে।”
এদিকে, আলাদা এক চুক্তির আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বোয় খেলবে। ভারত-পাকিস্তানের মধ্যে নিরপেক্ষ ভেন্যু ব্যবহারের বিষয়ে আগে থেকেই সমঝোতা রয়েছে।
উল্লেখ্য, বিতর্কের সূচনা হয় গত ৩ জানুয়ারি, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না নিতে নির্দেশ দেয়। এ ঘটনায় ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং দুই দেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।
সূত্র: গালফ নিউজ














































