বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২০ জানুয়ারি ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

বাবা হতে চলেছেন সৌম্য সরকার


sarkar

সস্ত্রীক সৌম্য সরকার

ব্যাটে–বলে মাঠের লড়াইয়ের বাইরে জীবনের সবচেয়ে আবেগঘন ইনিংসে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার। বাবা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন সৌম্য।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের সঙ্গে একটি ছবি পোস্ট করে সৌম্য লিখেছেন, “নতুন অধ্যায় শুরু করছি।” ছবিতে দেখা যায়, সৌম্যর কালো টি–শার্ট ও ক্যাপে লেখা ‘Dad’ এবং প্রিয়ন্তীর ক্যাপে লেখা ‘Mom’। প্রিয়ন্তীর হাতে ধরা ছোট্ট এক জোড়া শিশুর মোজা—যা তাদের জীবনে নতুন অতিথির আগমনের স্পষ্ট ইঙ্গিত দেয়।

২০২৩ সালে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথকে বিয়ে করেন সৌম্য। ক্রিকেট ক্যারিয়ারে নানা উত্থান–পতনের মধ্য দিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে এবার তিনি প্রবেশ করতে যাচ্ছেন সবচেয়ে আনন্দময় অধ্যায়ে। সুখবরটি প্রকাশের পরপরই সতীর্থ ক্রিকেটার, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভকামনায় ভাসিয়ে দেন এই দম্পতিকে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পরিবারে নতুন সদস্যের আগমনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সৌম্য ও প্রিয়ন্তী। তবে সন্তানের সম্ভাব্য জন্মসময় বা অন্য কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

জাতীয় দলে নিয়মিত না থাকলেও বিপিএল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় সৌম্যর জন্য এই সুখবর নিঃসন্দেহে বড় মানসিক প্রেরণা হয়ে উঠবে। মাঠের বাইরের এই নতুন দায়িত্ব তার জীবনে আরও পরিপক্বতা ও স্থিরতা এনে দেবে—এমনটাই মনে করছেন ভক্তরা।