
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা জাহেদুল হক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়ায় তার ওপর গোয়েন্দা নজরদারি চলছিল।
জানা গেছে, জাহেদুল হকের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। এর আগে তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।











































