
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা নামছে আজ ফাইনালের মধ্য দিয়ে। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালে ওঠে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগে নানা বিতর্ক থাকলেও এবার প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি বন্দরনগরীর এই দলের সামনে। অতীতে চিটাগং কিংস নাম নিয়ে দুবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি তারা।
ফাইনালের আগে অনুশীলন শেষে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদি বলেন, ফাইনালে উঠলে শিরোপার স্বপ্ন দেখাই স্বাভাবিক। ম্যাচের দিনে যে দল সব বিভাগে ভালো করবে, তারাই চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিপক্ষ রাজশাহীকে টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি বলেও উল্লেখ করেন মেহেদি।
অন্যদিকে শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্স ছিল শিরোপার অন্যতম দাবিদার। শেষ দিকে একাধিক নিউজিল্যান্ড তারকাকে দলে ভিড়িয়ে শক্তি আরও বাড়িয়েছে দলটি। ২০১৯ সালে প্রথমবার বিপিএল জয়ের অভিজ্ঞতাও রয়েছে রাজশাহীর।
ফাইনালের আগে সংবাদসম্মেলনে রাজশাহীর হেড কোচ হান্নান সরকার জানান, খেলোয়াড় ও স্টাফদের সব পাওনা পরিশোধ করা হয়েছে। প্রথমবার হেড কোচ হিসেবে দলকে ফাইনালে নেওয়ার সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এখন লক্ষ্য একটাই—শিরোপা জয়।














































