
ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনকালে কনস্টেবল ইজাজুল হক এজাজকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের পাগলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত কনস্টেবলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পুলিশ রাতেই রুহুল আমিন খানকে (৫৫) আটক করে। পরদিন শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পৌর শহর থেকে ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি ও রুহুল আমিন খানের ছেলে লিয়ন খানকে (২৮) গ্রেপ্তার করা হয়।
হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





































