বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৩ জানুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
শেয়ার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ


bangladesh-under-19

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: বিসিবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। হারারেতে আজিজুল হাকিম তামিমের দল ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে ১২৮ রানেই ৭ উইকেট খোয়ায় তারা। তবে আদনিথ ঝাম্বের লড়াকু ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ১৯৯ রানে অলআউট হয় দলটি। ঝাম্ব ৬৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ৩টি এবং আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন ২টি করে উইকেট নেন।

২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ৭৮ রান। জাওয়াদ ৪৭ এবং রিফাত ৩০ রান করে বিদায় নিলেও ব্যাটিং দৃঢ়তা দেখান অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৮২ বলে ৬৪ রানের এক কার্যকর ইনিংস খেলে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি। শেষ দিকে রিজান হোসেনের ২০ এবং কালাম সিদ্দিকীর অপরাজিত ৩০ রানের সুবাদে অনায়াস জয় পায় বাংলাদেশ।

এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, তিনে নিউজিল্যান্ড এবং চার নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের এই আত্মবিশ্বাস নিয়ে এখন পরবর্তী রাউন্ডে চোখ রাখছে বাংলাদেশ যুবারা।