
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে ২৩৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই নামগুলো ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণা চালানোর জন্য এনসিপি এই বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। দেশের প্রান্তিক পর্যায়ে তথা প্রতিটি গ্রাম ও অলিগলিতে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
তিনি জানান, যদিও ২৭০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ছিল, তবে প্রথম পর্যায়ে আজ ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় দ্রুতই তাদের সাংগঠনিক কার্যক্রম ও প্রচারণা শুরু করবেন।
মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, গণভোটে ধর্মীয় বিষয়াদি বা ‘বিসমিল্লাহ’ থাকবে না—এমন নানা গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এসব অপপ্রচার রোধে এবং সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সচেতন করতেই এনসিপি এই নির্বাচনি এলাকায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, গণমাধ্যম এই প্রচারণা কর্মসূচিগুলো দেশবাসীর কাছে পৌঁছে দিতে সহায়তা করবে।
প্রচারণায় নতুনত্ব আনতে এনসিপি তাদের নির্বাচনি প্রচার ও গণভোটের জন্য দুটি আলাদা ‘থিম সং’ বা দলীয় সংগীত তৈরি করেছে। আসিফ মাহমুদ জানান, শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এই থিম সং দুটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ তথা কৃষক, শ্রমিক ও ছাত্রদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

















































